ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী স্কুল বাজারের রাস্তাগুলোর বেশির ভাগই খানাখন্দে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে হাজারো মানুষ। দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (৫ এপ্রিল) সরেজমিনে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী স্কুল বাজারের চারদিকের রাস্তাগুলোর বেহালদশা চোখে পড়ে। এ সময় এলাকার জনসাধারণ এ প্রতিবেদককে তাদের ভোগান্তির কথা জানান।
স্থানীয়রা জানায়, সামান্য বৃষ্টি হলে রাস্তার ওপর হাঁটু পানি জমে থাকে। অনেক জায়গার পিচ উঠে মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদা তৈরি হয়। তখন খানাখন্দের মধ্যেই চলে যানবাহন। ফলে স্থানীয়দের ভোগান্তি নিয়েই এ রাস্তায় যাতায়াত করতে হয়। এছাড়া প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত যানবাহন চলাচল করে। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, প্রায়ই সময় উল্টে যায় ছোট ছোট যানবাহন।
স্থানীয়রা জানায়, এ রাস্তা দিয়ে মশাখালী ইউনিয়নের মানুষ ছাড়াও পার্শ্ববর্তী শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন ও ভালুকা উপজেলার বাসিন্দারা চলাচল করেন। ফলে রাস্তার দুরবস্থা এ অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
তাই অতি দ্রুত রাস্তাগুলো সংস্কার করার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।



