কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
বৃহস্পতিবার (১২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী উদবাতুল বারী আবুকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেয়া হলো। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২ পদমর্যাদা) পদে দায়িত্ব পালন করবেন।
এর আগে, চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাসের পর ২১ মে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে।
উদবাতুল বারী আবু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব অর্পণ করেছেন। সকলকে সাথে নিয়ে আমি কুমিল্লার উন্নয়নে আমি কাজ করব।’
তিনি আরো বলেন, ‘কুমিল্লার পরিকল্পিত নগরায়ন, অবকাঠামোগত উন্নয়ন ও জনস্বার্থে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করার চেষ্টা করবেন।’



