নোয়াখালী অফিস
নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী ও বেগমগঞ্জ চৌরাস্তায় জেলা জামায়াতের উদ্যোগে এ মিছিল আয়োজন করা হয়।
মিছিলপূর্ব সমাবেশে জামায়াতের জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন বলেন, ‘শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে দিশেহারা হয়ে মনে করেছিলেন জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলে আন্দোলন দমানো যাবে। সেই উদ্দেশ্যে চব্বিশের ১ আগস্ট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়। পরে ৫ আগস্ট স্বৈরাচারের পতন ঘটে। পতনের আগে তার নির্দেশে নির্বিচারে গণহত্যা চালানো হয়।’ তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানান।
সমাবেশ শেষে জামায়াত নেতা নাসিমুল গনি মহল চৌধুরী, মো: জায়েদ, জসিম উদ্দিন, আবদুর রহিম ও অ্যাডভোকেট মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাড়ি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।



