দৌলতপুরের জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসার দায়িত্ব নিল স্বাস্থ্য মন্ত্রণালয়

ইউএনও অনিন্দ্য গুহ জানান, শিশু দুটির বিষয়ে উপজেলা প্রশাসন ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেন। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হলে তিনি শিশু দুটির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

Location :

Daulatpur

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয়া যমজ কন্যাশিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশে শিশু দুটির চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ।

উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের হতদরিদ্র নাহিদ হাসান ও সানজিদা আক্তারের ঘরে জন্ম নেয় জোড়া লাগানো যমজ কন্যাশিশু। অর্থের অভাবে তাদের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা ও জেলা প্রশাসনের নজরে আসে।

ইউএনও অনিন্দ্য গুহ জানান, শিশু দুটির বিষয়ে উপজেলা প্রশাসন ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেন। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হলে তিনি শিশু দুটির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

তিনি জানান, রোববার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিশু দুটির বাবা নাহিদ হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিশু দুটির চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা জানানো হয়েছে। একই সঙ্গে সোমবার তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে বলা হয়েছে।

এর আগে শিশু দুটির চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চিকিৎসার পরবর্তী ধাপেও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবে।

শিশু দুটির চিকিৎসার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় নেয়ায় পরিবারটি স্বস্তি প্রকাশ করেছে। পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং শিশু দুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।