বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে দেশব্যাপী সমাবেশ কর্মসূচি শুরু হয়েছিল। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক সমাবেশের সমাপ্ত হবে। এই সমাবেশ থেকে জাতীয় নেতৃবৃন্দ পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করবেন।’
তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সর্বশেষ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।’
সোমবার (২০ জুলাই) সকালে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের উদ্যোগে সমাবেশস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের সব বিভাগীয় সমাবেশে জনতার ঢল নেমেছিল। সিলেটের সমাবেশেও জনতার ঢল নামবে বলে আমাদের প্রত্যাশা। সমাবেশে বিভাগের চারটি জেলা ও সিলেট মহানগরের ১১ দলের নেতাকর্মীরা অংশ নেবেন।’
তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয়। ১১ দলীয় ঐক্য জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের ন্যায্য দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার জুলাইকে উপেক্ষা করে একদলীয় শাসন প্রতিষ্ঠার দিকে হাঁটছে। দেশে খুন-হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। কিন্তু সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।’
তিনি আরো বলেন, ‘প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানী বিমানবন্দরে নানা ব্যবস্থাপনা ও ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে ধীরগতির কারণে সিলেটবাসী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। এসব দুর্ভোগ থেকে সিলেটবাসীকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
অ্যাডভোকেট জুবায়ের আরো বলেন, ‘বিভাগীয় সমাবেশে সিলেটের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা হবে।’ ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশকে সফল করার জন্য ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের পাশাপাশি সিলেটবাসীর প্রতিও আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপি সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টির (বিডিপি) সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৫ জুলাই দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চান।
এছাড়া সমাবেশে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।



