সিলেটে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি শিশু ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নুরে আলম শামীম।
তিনি জানান, মারা যাওয়া শিশুর বয়স ৫ মাস। সে সিলেট জেলার কানাইঘাট গ্রামের বাসিন্দা। বুধবার ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরো ৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১০৭। এর মধ্যে হবিগঞ্জে ৭ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৫৫ ও সিলেট জেলার রোগী ২৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ৪৩ শিশুকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৯, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬১ জন সন্দেহজনক হাম রোগী। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে সর্বোচ্চ ৭২, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, সিলেটের মা ও শিশু হাসপাতালে ১, আল হারামাইন হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৫, পার্কভিউ হাসপাতালে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছে ১৪ জন শিশু।



