কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার

কুমিল্লায় বুলেট বৈরাগী নামে এক কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
নিহত বুলেট বৈরাগী
নিহত বুলেট বৈরাগী |নয়া দিগন্ত

কুমিল্লায় বুলেট বৈরাগী নামে এক কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা। চাকরির সুবাদে তিনি কুমিল্লার রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের মা নীলিমা বৈরাগী জানান, বুলেট বৈরাগী তার একমাত্র ছেলে। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন তিনি। রাত আড়াইটার দিকে পরিবারের সাথে তার শেষ কথা হয়। সে সময় তিনি পদুয়ার বাজার এলাকায় নেমে রাজগঞ্জের বাসায় যাওয়ার কথা জানিয়েছিলেন।

পরিবারের দাবি, রাত আড়াইটার পর তার ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তিরা কয়েকবার কথা বলেন। এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে সড়কে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।