শৈলকুপায় ইয়াবাসহ ৫ ভুয়া পুলিশ গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও মাদক কেনাবেচার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
গ্রেফতার ইয়াবাসহ ৫ ভুয়া পুলিশ
গ্রেফতার ইয়াবাসহ ৫ ভুয়া পুলিশ |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে পুলিশের পোশাক, ওয়াকিটকিসহ একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।

শুক্রবার (১ মে) দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন শৈলকুপার লক্ষণদিয়া গ্রামের রিয়াজ বিশ্বাস (২৭), বারুইপাড়া গ্রামের রুবেল হোসেন মোল্লা (৩২), কাঠাবাগান গ্রামের আশিক জোয়ার্দার (২৪), কুলচারা গ্রামের তাসলিমা খাতুন (২১) এবং সোন্দাহ গ্রামের জান্নাতুল ফেরদৌস (২০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও মাদক কেনাবেচার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি।

অভিযানকালে আসামিদের কাছ থেকে পুলিশের মনোগ্রামযুক্ত পোশাক, ডিবি ও পুলিশের লোগো সম্বলিত জ্যাকেট, টি-শার্ট, ক্যাপ, বেল্ট, দু’টি ওয়াকিটকি সেট ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম জানান, গ্রেফতাররা দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা করা হয়েছে। এ চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।