ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত কলেজছাত্র নাহিয়ান রবিন হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন গফরগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতোমধ্যে রাজিব (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক রাজিব পৌর শহরের মোতালেব প্লাজা মার্কেটের মালিকের ছেলে।
পুলিশ জানায়, আটকের সময় রাজিবের কাছ থেকে একটি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। পরে রবিন হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। পাশাপাশি অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দিয়ে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের পশু হাসপাতাল রোডের বউবাজার এলাকায় বন্ধুদের সাথে জন্মদিন উদযাপন করেন রবিন। পরে বন্ধু মাসুমকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মাজার বাড়ি রোডে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় রবিনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রবিন কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আতিকুর রহমান বলেন, রবিন হত্যা মামলায় অজ্ঞাত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।



