যশোরের বেনাপোলে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন শেষে একই দাবিতে তারা যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে।
রোববার (১৯ এপ্রিল) বেনাপোল বলফিল্ডের সামনে এ মানববন্ধনের আয়োজন করা করা হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বেনাপোল বলফিল্ড থেকে শুরু হয়ে বেনাপোল বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে সেখানে ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করে তাদের দাবির আদায়ে মহাসড়ক অবরোধ করে। এতে প্রায়ই দুই ঘণ্টার বেশি যশোর-বেনাপোল সড়কে যান চলাচল ব্যাহত হয়।
বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দরে প্রতিদিন প্রায় ২০ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও ব্যবসায়ী কাজ করেন। এছাড়া প্রতিদিন হাজারো যাত্রী এ বন্দর দিয়ে যাতায়াত করেন। কিন্তু গুরুত্বপূর্ণ এ শহরে কোনো সরকারি হাসপাতাল নেই।
তারা আরো বলেন, জরুরি অসুস্থতা বা দুর্ঘটনার শিকার হলে রোগীদের দ্রুত যশোরে নিয়ে যেতে হয়। এতে সময় নষ্ট হওয়ার কারণে অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বেনাপোলে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবি জানান এবং দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।



