সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মায়া রানী (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়া রানী বগুড়া জেলার বন্ড গ্রামের বাসিন্দা চন্দ্র মহাতোর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়া রানী মেয়ের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়ায় যাচ্ছিলেন। সন্ধ্যায় চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বগুড়াগামী ‘অরিন ট্রাভেলস’ নামের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্ত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



