নগরকান্দায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধারের কার্যক্রম শুরু করে এবং তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Nagarkanda
উল্টে যাওয়া বাস
উল্টে যাওয়া বাস |নয়া দিগন্ত

ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দায় ঝাটুরদিয়া এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৩ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৩১ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নগরকান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: শাহিনুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধারের কার্যক্রম শুরু করে এবং তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন আক্তার সুইটি নিশ্চিত করেছেন, এ পর্যন্ত ২৩ জন আহত যাত্রী হাসপাতালে ভর্তি হয়। তবে তাদের মধ্যে কারোরই অবস্থা গুরুতর নয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হেলাল উদ্দিন বলেছেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।