চুয়াডাঙ্গার দর্শনায় নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ তিনজনকে তিন বোতল উইনসিরিক্সসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানা পুলিশ।
আটকরা হলেন দর্শনা পৌরসভার মোহাম্মদপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে সাগর হোসেন (২০), সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে সাব্বির আহমেদ সোহাগ (২৯) এবং একই এলাকার আব্দুল খালেকের ছেলে এবং নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব ফাহিম মুনতাছির (৩৫)।
জানা গেছে, গোপান সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা ক্লিনিকের সামনে একটি চায়ের দোকান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ তিনজনকে উইনসিরিক্সসহ আটক করা হয়। এ সময় দোকান মালিক মিজানুর রহমান (৫০) কৌশলে পালিয়ে যান।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) আমানত উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার ওই চায়ের দোকান থেকে মাদকসহ তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে তিন বোতল মাদকদ্রব্য উইনসিরিক্স উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য নয় হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জনসম্মুখে জব্দ করা হয়।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



