খাদে গাড়ি ফেলে পালাল মাদককারবারিরা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ ধাওয়া করলে গাড়িতে থাকা অজ্ঞাতপরিচয় মাদককারবারিরা কৌশলে গাড়িটি ফেলে পালিয়ে যান।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
উদ্ধারকৃত মাদক
উদ্ধারকৃত মাদক |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে এ নিয়ে সাংবাদিকের ব্রিফ্রিং করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

তিনি বলেন, ‘সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ ধাওয়া করলে গাড়িতে থাকা অজ্ঞাতপরিচয় মাদককারবারিরা কৌশলে গাড়িটি ফেলে পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়।’

মাসুদ আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, চেকপোস্ট পরিচালনা ও বিশেষ অভিযানসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদকদ্রব্যের সরবরাহ, পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত চক্র শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরো জোরদার করা হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন, সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় মাদককারবারিদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।