নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

Location :

Narail
শিশু ধর্ষণ ও হত্যার খবরে নড়াইল সদর হাসপাতালে স্থানীয়দের ভিড়
শিশু ধর্ষণ ও হত্যার খবরে নড়াইল সদর হাসপাতালে স্থানীয়দের ভিড় |নয়া দিগন্ত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুটির ফুফাতো ভাই ও প্রতিবেশী রবিউল সিকদারের (৩৫) বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটে।

অভিযুক্ত রবিউল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। পেশায় সে একজন রাজমিস্ত্রি। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

নিহত শিশুটির চাচা বলেন, শিশুটির বাবা সোমবার বিকেলে স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়িতে আসেন। শিশুটি সেই মিষ্টি খেতে খেতে বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করছিল। এ সময় প্রতিবেশী ফুফাতো ভাই রবিউল সিকদার শিশুটিকে তাদের বাড়িতে ডেকে নেয়। ঘণ্টাখানেক পরও শিশুটি বাড়িতে না আসায় পরিবারের লোকজন আশেপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে রবিউল সিকদারের ঘরের মেঝে থেকে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, রবিউল একাই তার ঘরে থাকতেন। বিবাহিত হলেও অনেক দিন ধরে তার স্ত্রী-সন্তান বাড়িতে ছিল না।

এ ব্যাপারে সীমাখালী গ্রামের এনামুল সরদারসহ স্থানীয়রা বলেন, ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যার ঘটনা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। অভিযুক্ত রবিউলকে দ্রুত গ্রেফতার করতে হবে। এছাড়া অভিযুক্তের পরিবারের অন্য কোনো সদস্য এ ঘটনায় জড়িত থাকলে তাদেরও গ্রেফতারের দাবি জানাচ্ছি।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।