চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাসের ধাক্কায় জালাল উদ্দিন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভোলাহাট-রহনপুর সড়কের ইসলামপুর (নিমগাছী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন উপজেলার গোহালবাড়ী পূর্বপাড়া গ্রামের মরহুম রাকিবের ছেলে। পেশায় তিনি একজন কাঠ ব্যবসায়ী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রহনপুরগামী সাথী এন্টারপ্রাইজের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং চালক জালাল উদ্দিন গুরুতর আহত হন। বাসটি ভুল পাশ দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আজাহার মেম্বারের বাড়ির দেয়ালে ধাক্কা দেয়ার পর মোটরসাইকেলটিকে চাপা দেয়।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত জালাল উদ্দিনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা: মো: তামিম তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়েছে।
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাসটি হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



