নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রাইভেটকারের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে গেলে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
শুক্রবার রাত প্রায় ১০টার দিকে জালকুড়ি আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা মো. আশিকুর রহমান শামীমের মেয়ে।
আহতরা হলেন—নিহত শিশুর বাবা আশিকুর রহমান শামীম, মা সানজিদা, এক বছর বয়সী ছোট ভাই আয়মান এবং সিএনজি চালক। তাদের মধ্যে সানজিদার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজি অটোরিকশা জালকুড়ি আন্ডারপাস এলাকা অতিক্রম করার সময় একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার সময় শিশু হুমাইরা সিএনজি থেকে ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা প্রাইভেটকারে থাকা দুজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের তল্লাশি করে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার এসআই মফিজুর রহমান বলেন, “একটি প্রাইভেটকার একই দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশু হুমাইরা ঘটনাস্থলেই নিহত হয়। তার মা গুরুতর আহত হয়েছেন। সিএনজি চালক ও নিহত শিশুর বাবা-মাসহ মোট পাঁচজন আহত হয়েছেন।”
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”



