মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ পৌরসভায় মো: আরিফ বেপারী (৩৫) হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ পৌরসভায় মো: আরিফ বেপারী (৩৫) হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাঁচঘড়িয়াকান্দি ও চরশীলমন্দি এলাকার স্থানীয় বাসিন্দাদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এতে নিহত আরিফের পরিবারের সদস্যসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৪ জুন অর্থ লেনদেনের বিরোধকে কেন্দ্র করে আরিফকে জসিমনগর এলাকার একটি বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত আরিফের বোন সিমা আক্তার বলেন, ‘হত্যার আগের দিন নুর মোহাম্মদ ও এনায়েত আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। পরে আমার ভাইকে হত্যা করা হয়।’

তিনি বলেন, ‘দ্রুত বিচার না পেলে ঢাকায় গিয়ে আরো বড় কর্মসূচি দেয়া হবে।’

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে মুন্সীগঞ্জ সদর থানায় যান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ১৪ জুন ভোরে মুন্সীগঞ্জ পৌরসভার জসিমনগর এলাকার একটি ঘাসক্ষেত থেকে আরিফ বেপারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা ফরিদা বেগম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নুর মোহাম্মদ ও এনায়েত হোসেনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।