ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের খামারে বিদ্যুতায়িত হয়ে সুমন মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৭টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া একই গ্রামের শামসুল ইসলামের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৭ টার দিকে সুমন মিয়া দীঘা গ্রামে বাড়ির পাশে মাছের খামারে বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন। স্বজনরা দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান বলেন, মাছের খামারে বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে।



