গবেষণা-উদ্ভাবনে দেশের সেরা হতে চায় ডুয়েট

জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, পায়রা অবমুক্তকরণ ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বর্ণাঢ্য র‌্যালী
বর্ণাঢ্য র‌্যালী |নয়া দিগন্ত

গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (ডুয়েট) দেশের শ্রেষ্ঠ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করার অঙ্গীকার করে ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেছেন, ‘জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বিশ্বমানের প্রকৌশলী তৈরিই হবে ডুয়েটের ভবিষ্যৎ পথচলার মূল লক্ষ্য।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ‘ঐক্যের বন্ধনে অটুট ডুয়েট’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের ২৩তম বর্ষপূর্তি ‘ডুয়েট ডে-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি বলেন, ‘দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ডুয়েট গত দুই দশকের বেশি সময় ধরে অ্যাকাডেমিক উৎকর্ষ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। যুগোপযোগী ও টেকসই উন্নয়নের মাধ্যমে ডুয়েটকে স্বয়ংসম্পূর্ণ, গবেষণা ও উদ্ভাবননির্ভর প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ চলছে।’

জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, পায়রা অবমুক্তকরণ ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

শহীদ শাকিল পারভেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গবেষণাকর্মে উৎকর্ষের স্বীকৃতি হিসেবে শিক্ষকদের ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ এবং কৃতী শিক্ষার্থীদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, ‘প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে গবেষণা, উদ্ভাবন ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।’

তার মতে, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। ছিল শিক্ষক বনাম ডুয়েট অ্যালামনাই রশি টানাটানি, প্রীতি ভলিবল ম্যাচ, ডুয়েট বাস্তবায়ন আন্দোলনের স্মৃতিচারণা এবং কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল।