পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরের খাবার শেষে পালিয়েছিলেন কিন্তু বিএনপি সকালের পান্তা খাওয়ারও সময় পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রংপুর মহানগরীতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিভাগীয় গণমিছিল শেষে সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে নগরীর ৩৬ জুলাই চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ১১ দল। মিছিলটি নগর ভবন পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব চত্বর, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে শেষ হয়। মিছিলে সরকারবিরোধী নানা স্লোগান দেয় নেতাকর্মীরা।
সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়, গণভোটের রায় বাস্তবায়ন না করলে এক দফার আন্দোলনে যাবেন তারা।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতের রংপুর মহানগরের আমির এ টি এম আজম খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।



