সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সুরমা নদীর উত্তর ও দক্ষিণ—উভয় পাড়েই সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আধুনিক আলোকসজ্জার সম্প্রসারণেও গুরুত্ব দেয়া হচ্ছে।’ জানান, সিলেট নগর জুড়ে পর্যায়ক্রমে স্থাপন করা হবে আধুনিক এলইডি সড়কবাতি।
রোববার (২ আগস্ট) রাতে দক্ষিণ সুরমার ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দি এলাকায় আধুনিক আলোকসজ্জা প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজিরখলা-সুনামপুর রিয়াছত জামে মসজিদ প্রাঙ্গণে সুইচ টিপে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি। সুইচ চালুর সাথে সাথে পুরো এলাকা আধুনিক এলইডি আলোর ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে।
‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’র আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
সিসিক প্রশাসক বলেন, ‘শুধু সড়ক ও ড্রেন নির্মাণ করলেই একটি আধুনিক নগর গড়ে ওঠে না। নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে পর্যাপ্ত আলোকসজ্জাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সড়কবাতি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নগরের সৌন্দর্যও বৃদ্ধি করে।’
তিনি বলেন, ‘বর্ধিত ১৫টি ওয়ার্ডে পর্যায়ক্রমে আধুনিক এলইডি সড়কবাতি স্থাপন করা হচ্ছে। আমাদের লক্ষ্য, উন্নয়নের সুফল যেন নগরের প্রতিটি এলাকায় সমানভাবে পৌঁছে যায়। সুরমার উত্তর ও দক্ষিণ—দুই পাড়েই সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’
আব্দুল কাইয়ুম চৌধুরী এসময় বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর এলইডি লাইট স্থাপন করা হচ্ছে। এতে বিদ্যুৎ খরচ কমবে, পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত হবে এবং নাগরিকরাও উন্নত সেবা পাবেন।’
তিনি এই আলোকসজ্জা ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দ্রুত ত্রুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস জানান, ‘আধুনিক এলইডি লাইট স্থাপনের ফলে সিটি করপোরেশনের বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি স্মার্ট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে সড়কবাতি ব্যবস্থাপনা আরো আধুনিক ও স্বয়ংক্রিয় হবে। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি রাতের সড়ক দুর্ঘটনা কমবে এবং পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য বৃদ্ধি পাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা: এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ, সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অনুষ্ঠানে অংশ নেন।



