ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুতায় বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের দুজন হলেন আবেদা খাতুন (৩৫) ও সিলা আক্তার (২৫)। অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সম্ভোগঞ্জ এলাকায় দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা ও পুলিশ দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবেদা খাতুন ও সিলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



