পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৯ মে থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৯ মে মঙ্গলবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে সর্বস্তরের পরিবহন শ্রমিকদের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
শ্রমিক নেতাদের দাবি, ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ কয়েকজন নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়ের করা হয়েছে। এসব মামলা প্রত্যাহারের দাবিতেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সভায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, সুনামগঞ্জ জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়েজুর নুর ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কালা মিয়া, মৌলভীবাজার জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি অদুদ আহমদ, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাওসার আহমদ ও কোষাধ্যক্ষ বাদল আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
সভায় বক্তারা বলেন, গত ২৭ এপ্রিল সিলেটের কদমতলী বাস টার্মিনালে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ শ্রমিক নেতাদের আসামি করা হয়েছে। তারা ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
নেতারা আরও বলেন, ঘটনার সময় ফেডারেশনের বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও কোষাধ্যক্ষ আব্দুস শহিদ নাজিরবাজারে শ্রমিক সংগঠনের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। পরে ঘটনা শুনে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। এরপরও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা দুঃখজনক।



