ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর এলাকায় লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম পরিচালনা করায় একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ‘ইকবাল ব্রিকস’-এ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী যথাযথ লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ওই ইটভাটার মালিককে একটি মামলায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম জানান, লাইসেন্স নবায়ন না থাকায় জনস্বার্থে এই জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও সরকারি আইন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



