চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দীন খান (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ফরিদ উদ্দীন খান উপজেলার চারুলিয়া গ্রামের খানপাড়ার মরহুম নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মায়ের অসুস্থতার খবর পেয়ে বুধবার রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন ফরিদ। সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছে তিনি পাবলিক টয়লেটে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, সেখানে তিনি স্ট্রোক করে মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, সকালে ঢাকা থেকে এসে বাসস্ট্যান্ডের টয়লেটে ঢুকে অসুস্থ হয়ে পড়েন ফরিদ উদ্দীন। পরে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।



