ঝালকাঠির রাজাপুরে নৃশংস হত্যা মামলার প্রধান আসামি মো: জামাল হোসেনকে (২৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার (২৮ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে রাজাপুর থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেফতার জামাল হোসেন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার মো: মকিম হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত ৪ এপ্রিল দুপুরে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় মিলন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো: নাসির হাওলাদার ৫ এপ্রিল রাজাপুর থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় জামাল হোসেনকে দুই নম্বর আসামি করা হয়।
পুলিশের দাবি, মামলায় দুই নম্বর আসামি হলেও জামাল হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, গ্রেফতার জামাল হোসেনকে শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।



