প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় বেড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত প্রেমিক সিয়ামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতার সাকিবের কাছ থেকে ঘটনার সাথে জড়িত অন্যদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Location :

Cumilla
ধর্ষণ মামলায় সাকিব নামে এক যুবককে গ্রেফতার করে সদর দক্ষিণ থানার পুলিশ
ধর্ষণ মামলায় সাকিব নামে এক যুবককে গ্রেফতার করে সদর দক্ষিণ থানার পুলিশ |নয়া দিগন্ত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে গিয়ে ১৫ বছর বয়সি এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিক ও তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় সাকিব (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার সাকিব জেলার আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের উজিরপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসে ওই কিশোরী। পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে সিয়াম তাকে সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়।

পুলিশ জানায়, ওই স্থানে সিয়ামের কয়েকজন বন্ধু আগে থেকেই উপস্থিত ছিল। সন্ধ্যার পর ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

রোববার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কিশোরীকে সহায়তা করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ও সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং সাকিবকে আটক করে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত প্রেমিক সিয়ামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতার সাকিবের কাছ থেকে ঘটনার সাথে জড়িত অন্যদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

তিনি জানান, উদ্ধার হওয়া কিশোরীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।