পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

উপকূলীয় এলাকার জেলেদের গভীর সাগরে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী)

Location :

Patuakhali
সমুদ্রবন্দরে সতর্ক সঙ্কেত
সমুদ্রবন্দরে সতর্ক সঙ্কেত |নয়া দিগন্ত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে পায়রা সমুদ্রবন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে উপকূলীয় আকাশ ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে। দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। একই সাথে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে পায়রা সমুদ্রবন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি খুলনা, বরিশালসহ অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত বহাল রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকার জেলেদের গভীর সাগরে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।