গাজীপুরে ছিনতাইকারী ও ভুয়া পুলিশ গ্রেফতার

আব্দুল জলিল দীর্ঘদিন পুলিশের পোশাক পরে এলাকায় সাধারণ মানুষকে বিভ্রান্ত ও প্রতারণা করে আসছিলেন। তিনি ছোট দেওড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গ্রেফতার আসামি
গ্রেফতার আসামি |নয়া দিগন্ত

গাজীপুর মহানগরের পৃথক অভিযানে এক ছিনতাইকারী ও এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাতে সদর থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল এলাকার আবু বকর সিদ্দিক শান্তর ছেলে রাকিবুল হাসান ওরফে রাকিব (৩০) ও মো: আব্দুল জলিল শিকদার (৪৫) বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ বেতাগী এলাকার মরহুম কেরামত আলী শিকদারের ছেলে।

পুলিশ জানায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে গঠিত বিশেষ টিম সদর থানাধীন লক্ষ্মীপুরা তিন সড়ক এলাকায় অভিযান চালায়। অভিযানে সাব-ইন্সপেক্টর (এসআই) মো: রাশেদ মিয়া ও সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) মো: রহমত আলীর সমন্বয়ে গঠিত দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দায়ের হওয়া ১২ মামলার আসামি ছিনতাইকারী রাকিবকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দু’টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

অন্যদিকে, একইদিন সদর থানার আরেকটি বিশেষ টিম ছোট দেওড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জলিল নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো: কাজল হোসেন ও এএসআই মো: গোলাম সারোয়ার। এ সময় তার কাছ থেকে পুলিশের পোশাক ও পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, আব্দুল জলিল দীর্ঘদিন পুলিশের পোশাক পরে এলাকায় সাধারণ মানুষকে বিভ্রান্ত ও প্রতারণা করে আসছিলেন। তিনি ছোট দেওড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

দুই আসামির বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানার ওসি মো: আমিনুল ইসলাম বলেন, ‘মহানগর এলাকায় ছিনতাই, প্রতারণা ও ভুয়া পরিচয়ে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরো জোরদার করা হয়েছে।’