হালয়াাট (ময়মনসিংহ) সংবাদদাতা
ভারত কর্তৃক অবৈধ পুশইনের প্রতিবাদে ও তীব্র নিন্দা জানিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে ১১ দলীয় ঐক্যজোট হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে জয়িতা নারী মার্কেট চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মোয়াজ্জেম হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার নায়েবে আমির ও এমপি অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ভারত কর্তৃক অবৈধভাবে পুশইন কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা এ ধরনের অমানবিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উক্ত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের হালুয়াঘাট উপজেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক।
এছাড়া এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। সমাবেশে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।



