নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য গঠিত কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সভায় ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আজকের এই সভা আহ্বান করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন এবং এ দিবসের আকাঙ্ক্ষা বিবেচনা করে কর্মসূচি গ্রহণ করা হবে।’
তিনি আরো বলেন, ‘নোবিপ্রবিতে সকলের সহযোগিতায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ সফলভাবে পালিত হবে—এ আশাবাদ ব্যক্ত করছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, দফতর ও শাখা প্রধান, কর্মকর্তা এবং ছাত্র প্রতিনিধি কমিটির সদস্যরা।



