নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মো: ফজল নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন। অভিযুক্ত ব্যক্তি নাটোর হাজরা এলাকার মরহুম ফয়েজ সরদারের ছেলে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও ঔষধ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার (১৪ জুন) বেলা ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আশিকুর রহমান।
জানা যায়, অভিযানের সময় ভ্রাম্যমাণ এক ঔষধ বিক্রেতাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা আরোপ করেন।
এসময় নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: জুনায়েদ আহমেদ লেলিন বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে প্রায় লাখ টাকার বেশি জব্দকৃত ভেজাল ওষুধ পুড়িয়ে দেয়া হয়। এসময় তিনি ব্যবসায়ীদের বৈধ ও নির্ধারিত মেয়াদের ওষুধ বিক্রির আহ্বান জানান।



