এনায়েতপুরে ১০ দিন ধরে নিখোঁজ ২ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন

দু’টি নিষ্পাপ শিশু নিখোঁজের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় অন্য শিশুদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো তৎপর হওয়ার দাবি করছি।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Chauhali
নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন
নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনীতে দুই স্কুলছাত্র নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও তাদের সন্ধান মেলেনি। এ ঘটনায় রোববার (২১ জুন) সকালে খুকনী স্কুল মাঠে এলাকাবাসী ও সহপাঠীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে দ্রুত তাদের উদ্ধারের দাবি জানান।

নিখোঁজরা হলো— খুকনীর রহমত খোলা এলাকার মো: শামীমের ছেলে মো: আব্দুল্লাহ (৯) ও দৌলতপুর সামান্য পাড়ার মো: খোরশেদের ছেলে মো: আফসার (১০)।

জানা যায়, ১১ জুন সকালে খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় আব্দুল্লাহ। পরে স্কুল ব্যাগ বেঞ্চে পড়ে থাকলেও দুপুরের পর থেকে বন্ধু আফসারসহ নিখোঁজ হয় সে। নিখোঁজের ঘটনায় দুই শিশুর পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। একইসাথে পুরো খুকনী এলাকায় উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন খুকনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা লিয়াকত হোসেন লাবু ও থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লাসহ নিখোঁজের বাবা-মা ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, দু’টি নিষ্পাপ শিশু নিখোঁজের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় অন্য শিশুদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো তৎপর হওয়ার দাবি করছি।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, দুই শিশু নিখোঁজের মামলায় দু’জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।