ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে চার লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুড়ারপাড় এলাকার মেসার্স খোকন ব্রিক্সের দু’টি কক্ষে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও সাত বস্তা ডিএপি সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলাম খোকনকে চার লাখ টাকা জরিমানা করে।
অপরদিকে, ভ্রাম্যমাণ আদালত কুড়ারপাড় বাজারের মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে নয় বস্তা এমওপি সার পায়। এ ঘটনায় মেসার্স রফিক ট্রেডার্সের মালিক রফিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ বলেন, ‘অবৈধভাবে সার মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। কৃত্রিম সঙ্কট ও কালোবাজারি বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।’



