গাজীপুরে কেবল কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বিভিন্ন কোম্পানির নামে বৈদ্যুতিক কেবল উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Location :

Gazipur
কেবল কারখানায় অভিযান
কেবল কারখানায় অভিযান |নয়া দিগন্ত

গাজীপুর মহানগর
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির নামে বৈদ্যুতিক কেবল উৎপাদন ও বিক্রির অভিযোগে কেকে কেবলস ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বিপুল পরিমাণ অবৈধভাবে উৎপাদিত বৈদ্যুতিক কেবল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাজীপুর সদর থানার বিভিন্ন এলাকায় র‌্যাব-১ এবং র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে কেকে কেবলস ইন্ডাস্ট্রিজে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে বৈদ্যুতিক কেবল উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগও ওঠে। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলামকে বিএসটিআই আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক মো: সিদ্দিকুর রহমান জানান, প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে উৎপাদিত বৈদ্যুতিক কেবল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা কেবল ধ্বংস করা হয়। ধ্বংসকৃত আলামত নিলামে এক লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জরিমানার অর্থ এবং নিলামে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

র‌্যাব-১ জানিয়েছে, অবৈধভাবে নকল ও নিম্নমানের পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।