২টি কিডনি নষ্ট, সন্তানদের জন্য বাঁচতে চান সুমন

চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চললেও এখন আর সেই সহায়তাও মিলছে না। দিন দিন সুমনের অবস্থাও অবনতির দিকে যাচ্ছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
‘আমার দুটি ছোট সন্তান আছে। তাদের জন্য আমি বাঁচতে চাই’- বলেন সুমন
‘আমার দুটি ছোট সন্তান আছে। তাদের জন্য আমি বাঁচতে চাই’- বলেন সুমন |ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক অসহায় যুবক মো: সুমন। দুই কিডনি বিকল হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বেঁচে থাকার শেষ আশায় সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

জানা গেছে, জীবিকার তাগিদে মালয়েশিয়ায় অবস্থানকালে সুমনের কিডনি রোগ ধরা পড়ে। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে দেশে ফিরে আসেন তিনি। দেশে ফিরে কিছুদিন চিকিৎসা নিয়ে সুস্থ থাকলেও পরে আবার অসুস্থ হয়ে পড়েন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার দুই কিডনিই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে জানা যায়।

বর্তমানে বেঁচে থাকতে প্রতিমাসে অন্তত ১২ বার ডায়ালাইসিস করাতে হচ্ছে সুমনকে। এতে মাসে ব্যয় হচ্ছে অন্তত ৬০ হাজার টাকারও বেশি। যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চললেও এখন আর সেই সহায়তাও মিলছে না। দিন দিন সুমনের অবস্থাও অবনতির দিকে যাচ্ছে।

জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে সুমন বলেন, ‘আমার দুটি ছোট সন্তান আছে। তাদের জন্য আমি বাঁচতে চাই। কিন্তু টাকার অভাবে চিকিৎসা চালাতে পারছি না। আমি মারা গেলে আমার সন্তানরা এতিম হয়ে যাবে। সমাজের সকলের কাছে আমার আকুল আবেদন, আমাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান।’

সুমন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজিরতালুক গ্রামের মাফুজ মিয়ার ছেলে।

তার চিকিৎসার জন্য সহায়তা পাঠাতে—

হিসাবের নাম: মো: সুমন

ব্যাংক: সোনালী ব্যাংক, মিরসরাই শাখা, চট্টগ্রাম

হিসাব নম্বর: ০৮১৪৪০১০২৭১৭৩

বিকাশ: ০১৮৫৫৫৫৫৬৫৯