কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার আশুতিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার আশুতিয়া গ্রামের মরহুম হযরত আলীর ছেলে আলামিন (৩৮) ও কাওয়ালীকান্দা গ্রামের নুরু মিয়ার ছেলে মো: মন্টু (২০)।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামের চিহ্নিত মাদক কারাবারি আলামিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১৮পিস ইয়াবা, তিনটি স্টিলের তলোয়ার, তিনটি ছুরি, তিনটি স্টিলের করাত, দুইটি রামদা, দু’টি ওয়াকিটকি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আলামিন ও মন্টুকে আটক করা হয়। এই দুইজন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র আইন ও একটি মাদক আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।



