পিরোজপুরের কাউখালীর চারটি কোরবানির পশুর হাটে খাজনা মওকুফ করায় জমে উঠেছে পশু বেচা-কেনা। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমনের উদ্যোগে উপজেলার কাউখালী হাট, কেউন্দিয়া, বেতকা ও তালুকদার হাটে এ বছর খাজনা ছাড়াই কোরবানির পশুর হাট পরিচালিত হচ্ছে।
শুক্রবার (২২ মে) নতুন নির্ধারিত কাউখালীর সন্ধ্যা নদীর পাড়ের ইকোপার্ক এলাকায় বসা কোরবানির পশুর হাটে দূর-দূরান্ত থেকে কয়েক শতাধিক খামারি গরু নিয়ে উপস্থিত হন।
নতুন হাটের পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও প্রথম দিকে আশানুরূপ বিক্রি না হওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেন তারা। তবে আগামী হাটগুলোতে বেচা-কেনা আরো বাড়বে বলে আশা করছেন খামারিরা।
হাটে পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রাণিসম্পদ দফতরের পক্ষ থেকে ভেটেরিনারি চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
গরু ব্যবসায়ী রফিক মিয়া বলেন, ‘খুব সুন্দর পরিবেশে হাটের আয়োজন করা হয়েছে। খাজনা না থাকায় আমাদের অনেক সুবিধা হয়েছে। এজন্য স্থানীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। আশা করছি আগামী হাটে আমাদের গরু ভালো দামে বিক্রি হবে।’
গরু কিনতে আসা মো: ফিরোজ হোসেন বলেন, ‘খাজনা মওকুফ ও সুন্দর পরিবেশের কারণে হাটটি দিন দিন জমে উঠবে। তবে গরুর দাম আরেকটু কম হলে ক্রেতা আরো বাড়বে।’
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: সোমা সরকার বলেন, ‘কোরবানির পশুর হাটে সুস্থ ও নিরাপদ পশু নিশ্চিত করতে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। হাটে আসা পশুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।’
ক্রেতাদের সচেতনভাবে পশু কেনার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘এ বছর কোরবানি উপলক্ষে উপজেলার বিভিন্ন খামারিতে এক হাজার ৬৫০টি গবাদি পশু প্রস্তুত রয়েছে।’



