নরসিংদী জেলার শিবপুর উপজেলায় প্রাইভেটকার ও বিভাটেকের (ব্যাটারিচালিত অটোরিকশা) মধ্যে সংঘর্ষে জুনায়েদ শেখ ও রুবেল শেখ নামের দু’জন নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে শিবপুর উপজেলায় ইটাখোলা-মনোহরদী সড়কের আশ্রাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: জুনায়েদ শেখ (১৩) জেলার শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে। অন্যদিকে, নিহত মো: রুবেল শেখ (১৯) একই উপজেলার লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা ভিবাটেকের সংঘর্ষ হয়। এ ঘটনায় বিভাটেকের চালক মো: রুবেল শেখ, যাত্রী মো: জুনাইদ শেখ ও তার মা মাহফুজা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মো: জুনাইদ শেখকে মৃত ঘোষণা করেন এবং মো: রুবেল শেখকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে মো: রুবেল শেখের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র : বাসস



