ফরিদপুরের নগরকান্দায় গুজব ছড়িয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন ট্রাকচালক হান্নান শেখ (৪৫)। মাত্র দুই বছর বয়সেই তার মেয়ে মুসলিমা ইসলাম পুরোপুরি এতিম হয়ে গেল। জন্মের ২১ দিন পরই মা চলে যান, আর বাবার মৃত্যুর পর শিশুটির একমাত্র ভরসা এখন বৃদ্ধ দাদা-দাদি।
গত শুক্রবার রাত ১০টার দিকে তালমা ইউনিয়নের বিলনালিয়া বাজার এলাকার নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হান্নান শেখ উপজেলার সাতৈর গ্রামের শহিদ শেখের ছেলে।
সূত্র জানায়, একটি দ্রুতগতির ট্রাক পথচারীদের ধাক্কা দিয়েছে-এমন অভিযোগ ছড়িয়ে পড়ে এলাকায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘২০ জনকে চাপা দিয়েছে’-এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে চালক হান্নান শেখকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাকের দুই সহকারী নাঈম (২২) ও আল-আমিন (২৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হান্নান শেখের মৃত্যুর খবরে তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সবচেয়ে করুণ অবস্থায় রয়েছে তার দুই বছরের মেয়ে মুসলিমা। স্বজনদের কান্নার ভিড়ে শিশুটি কখনো দাদির কোলে, কখনো অন্যের কোলে ঘুরছে। ফিডারে দুধ খাচ্ছে, আবার হঠাৎ কান্নায় ভেঙে পড়ছে।
পরিবার জানায়, মুসলিমার জন্মের ২১ দিন পরই তার মা আরিফা বেগম স্বামীকে তালাক দিয়ে চলে যান। এরপর থেকে দাদা শহিদ শেখ ও দাদি নার্গিস বেগমই শিশুটিকে লালন-পালন করে আসছেন।
কান্নাজড়িত কণ্ঠে দাদি নার্গিস বেগম বলেন, ‘মা ২১ দিনেই চলে গেছে, এখন বাপও নাই। আমার মুসলিমার কেউ রইল না। আমি মরে গেলে এ বাচ্চার কী হবে?’
নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানী আজাদ জানান, নিহতের পরিবারকে হত্যা মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তারা দাফন শেষে মামলা করবেন বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, গুজব ছড়ানোর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মামলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই তথ্য নিশ্চিত করেছেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান


