চুয়াডাঙ্গায় ২ হাজার ফুট লম্বা পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

চুয়াডাঙ্গায় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর আর্জেন্টিনার প্রতি ভালোবাসায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ চার বছর পর আবারো হাজারো সমর্থকের অংশগ্রহণে এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Damurhuda
চুয়াডাঙ্গায় ২ হাজার ফুট লম্বা পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি
চুয়াডাঙ্গায় ২ হাজার ফুট লম্বা পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর আর্জেন্টিনার প্রতি ভালোবাসায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ চার বছর পর আবারো হাজারো সমর্থকের অংশগ্রহণে এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়। পরে শহীদ হাসান চত্বর ঘুরে কোর্ট মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেলের পাশাপাশি পায়ে হেঁটে সমর্থকরা দুই হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বহন করে। এছাড়াও ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেমসহ আর্জেন্টাইন ভক্তদের নানা সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

প্রিয় দল ও তারকা ফুটবলারদের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি, ফুটবলকে ঘিরে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়াই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান সমর্থকরা।

আর্জেন্টিনা সমর্থকরা বলেন, গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল নীল-সাদার আর্জেন্টিনা। এবারো এ দলের হাতেই উঠবে চ্যাম্পিয়ন ট্রফি। চুয়াডাঙ্গার ভক্তরাও আর্জেন্টিনার কাছে আকাশ সমান প্রত্যাশা রাখে।

ব্রাজিল ভক্তদের উদ্দেশ করে আর্জেন্টিনা ভক্তরা বলেন, ব্রাজিলের হাতে আছে সেভেন আপ, আর আর্জেন্টিনার হাতে আছে চ্যাম্পিয়ন ট্রফি।

আর্জেন্টিনা সমর্থকদের এ ব্যতিক্রমী আয়োজন দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল। র‌্যালি উপলক্ষে ফুটবল উন্মাদনায় মুখরিত চুয়াডাঙ্গা যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়েছিল।