অটিজমসম্পন্ন শিশুদের পরিচর্যায় সমন্বিতভাবে কাজ করতে হবে

অটিজমসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
মুন্সীগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা |নয়া দিগন্ত

‘অটিজম ও মানবতা : প্রতিটি জীবনেরই মূল্য আছে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজমসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় অটিজমসম্পন্ন শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: দেবরাজ মালাকার, পলক অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা।

সভায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের কল্যাণে নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

এর মধ্যে রয়েছে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন, বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, কারিগরি শিক্ষায় স্কলারশিপ প্রদান, মোবাইল হেলথ ক্লিনিক চালু, সহায়ক উপকরণ তৈরিতে প্রণোদনা, নিয়োগে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদান, স্বতন্ত্র অধিদফতর প্রতিষ্ঠা এবং প্যারা অলিম্পিক কার্যক্রমে সহায়তা সম্প্রসারণ।

এছাড়া প্রতিবন্ধী বিষয়ক আইন কার্যকর বাস্তবায়ন ও প্রতিবন্ধীবান্ধব নাগরিক সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সাংগঠনিক, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে একটি হুইল চেয়ার তুলে দেয়া হয়।