চুয়াডাঙ্গায় স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে জেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির রুহুল আমিন এমপি।
প্রধান বক্তার বক্তব্যে রুহুল আমিন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের প্রয়োজনীয় গুণাবলী ও করণীয় তুলে ধরে বলেন, ‘নির্বাচনে বিজয়ী হতে হলে মূলত তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে—প্রথমত আল্লাহর সাহায্য, দ্বিতীয়ত প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী এবং তৃতীয়ত সংগঠনের মজবুত ভিত্তি।’
তিনি আরো বলেন, ‘একটি মজবুত সংগঠনের মূল শক্তি হলো প্রতিটি ওয়ার্ডে ইউনিট চালু রাখা, নতুন কমিটি গঠন, অভ্যন্তরীণ পরিবেশ সুশৃঙ্খল রাখা এবং সংগঠনের কর্মী বাহিনীকে গণমানুষের সেবায় সমাজকর্মী হিসেবে গড়ে তোলা।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াতে ইসলামীর ইতিহাস ও পটভূমি নিয়ে আলোচনা করেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আলী মুহসীন।
স্বাধীনতা যুদ্ধ ও তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি তার বক্তব্যে ঐতিহাসিক নানা তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করেন।
শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কোরআন পেশ করেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। এতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি কাইমুদ্দিন হিরোক এবং সেক্রেটারি মুহসিন এমদাদুল্লাহ জামেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ৩টি পৌরসভার মেয়র পদপ্রার্থী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীসহ স্থানীয় থানা আমীর, সেক্রেটারি ও জেলা কর্মপরিষদের সদস্যগণ অংশ নেন।



