চায়ের রাজধানী খ্যাত ও দেশের অন্যতম পর্যটন নগরী হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১ আগস্ট) ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে সিলেট যাওয়ার পথে তিনি শ্রীমঙ্গল রেলস্টেশনে নেমে স্টেশনের সার্বিক অবস্থা পরিদর্শন করেন।
এ সময় তিনি টিকিট সঙ্কট, পরিচ্ছন্নতা, ট্রেনের স্বল্পতা, রেললাইনের জরাজীর্ণ অবস্থা এবং যাত্রীসেবার বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। পাশাপাশি স্থানীয় যাত্রীদের অভিযোগ ও মতামত শুনে সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাসও দেন।
মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, সিলেট-জাফলং রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফরে বের হন মন্ত্রী। এ সফরের অংশ হিসেবেই তিনি শ্রীমঙ্গল রেলস্টেশন ও রেলপথের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতিকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো: সাখাওয়াত হোসেন নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রীর সফরসূচি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশন ও রেললাইনের অবকাঠামোগত সমস্যা সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবেই তিনি শ্রীমঙ্গল স্টেশনে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।’



