ভেনিসে আবারো জয়ী কিশোরগঞ্জের সন্তান আফাই আলী

উন্নত জীবনের আশায় ১৯৮৮ সালে তার বাবা ইতালিতে পাড়ি জমান। পরে ইতালির নাগরিকত্ব গ্রহণের পর ২০০২ সালে পরিবারের সদস্যদেরও সেখানে নিয়ে যান।

Location :

Kishoreganj
ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত আফাই আলী
ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত আফাই আলী |নয়া দিগন্ত

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ইতালির ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের সন্তান ও বাংলাদেশী বংশোদ্ভূত আফাই আলী। তার এ বিজয়ে ইতালিস্থ বাংলাদেশী কমিউনিটিতে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

গত ২৫ ও ২৬ মে অনুষ্ঠিত পাঁচ বছর মেয়াদি এ নির্বাচনে ইতালির অন্যতম রাজনৈতিক দল পার্তিত ডেমোক্রেটিক (পিডি)-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আফাই আলী। নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী মতিউর রহমান।

আফাই আলীর বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নে। তিনি আব্বাস আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় ১৯৮৮ সালে তার বাবা ইতালিতে পাড়ি জমান। পরে ইতালির নাগরিকত্ব গ্রহণের পর ২০০২ সালে পরিবারের সদস্যদেরও সেখানে নিয়ে যান।

ইতালিতে বেড়ে ওঠা আফাই আলী পড়াশোনার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। ২০১৭ সালে তিনি পার্তিতো ডেমোক্রেটিকো-তে যোগ দেন। ২০২০ সালে প্রথমবারের মতো ভেনিস সিটি করপোরেশনের মেস্ত্রে-কার্পেনেদো এলাকার কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। সে সময় তিনিই প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে ভেনিস সিটি কাউন্সিলে প্রতিনিধিত্বের সুযোগ পান।

এবারের নির্বাচনে একই এলাকায় মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়ে আফাই আলী ইতালিস্থ বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি নিজ জেলা কিশোরগঞ্জের মানুষের জন্যও গৌরব বয়ে এনেছেন।