সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে আন্ত:জেলা নারী ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য জনতার হাতে আটক হয়েছেন। এরা সবাই ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার বাসিন্দা ও আন্ত:জেলা চোরচক্রের সক্রিয় সদস্য।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে চুরির মামলায় পুলিশ তাদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
আটকরা হলেন তামান্না আক্তার দিলারা (৩০), রোকেয়া কোম (১৯), নাঈমা খাতুন (২৫), হাফিজা খাতুন (২২), মনি কোম (২০) প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যস্ততম এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালেরে প্রধান গেইট এলাকায় সোমবার সকালের দিকে একটি সঙ্ঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্র এক মহিলার গলার স্বর্ণের চেইন ছিঁড়ে নেয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেলে ওই মহিলা চিৎকার করে পরে স্থানীয় জনতা এসে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিলে ওই নারী ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান জানান, মঙ্গলবার সকালে একটি চুরির মামলায় গ্রেফতার ৫ নারী চোরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় চুরি-ছিনতাই বন্ধ সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশি অভিযান চলমান রয়েছে।



