চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সম্পন্ন

উৎসব চলাকালে অংশগ্রহণকারীরা রামু, নাজিরারটেক, ইনানী, শামলাপুর, জাহাজপুরা, টেকনাফ ও শাহপরীর দ্বীপসহ কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফটোওয়াকে অংশ নেন। এ সময় তারা প্রকৃতি, সংস্কৃতি, উপকূলীয় জীবনযাপন এবং স্থানীয় জনগোষ্ঠীর নানা অনুষঙ্গ ক্যামেরাবন্দি করেন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সম্পন্ন
চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সম্পন্ন |নয়া দিগন্ত

কক্সবাজারে তিন দিনব্যাপী আয়োজিত ‘চিত্রচিন্তা আলোকচিত্র উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আলোকচিত্র সংগঠন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের উদ্যোগে ১২, ১৩ ও ১৪ জুন অনুষ্ঠিত এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ২৭ জন আলোকচিত্রী অংশগ্রহণ করেন।

উৎসব চলাকালে অংশগ্রহণকারীরা রামু, নাজিরারটেক, ইনানী, শামলাপুর, জাহাজপুরা, টেকনাফ ও শাহপরীর দ্বীপসহ কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফটোওয়াকে অংশ নেন। এ সময় তারা প্রকৃতি, সংস্কৃতি, উপকূলীয় জীবনযাপন এবং স্থানীয় জনগোষ্ঠীর নানা অনুষঙ্গ ক্যামেরাবন্দি করেন।

প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সেমিনার, কর্মশালা, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক আয়োজন ও সৌহার্দ্যপূর্ণ আড্ডা। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘চিত্রচিন্তা আলোকচিত্র উৎসব ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক সেমিনার।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও আলোকচিত্রী আহমেদ রাসেল। আলোকচিত্রে কম্পোজিশন বিষয়ক কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট আলোকচিত্রী প্রতাপ শেখর মোহন্ত।

হোটেল গ্রেস কক্স স্মার্ট রিসোর্টের সেমিনার কক্ষে আলোকচিত্রী কাউছার হানিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ মকবুল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন কবি মানিক বৈরাগী। বক্তারা আলোকচিত্রকে সময়, সমাজ ও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে সৃজনশীল ও দায়িত্বশীল আলোকচর্চার ওপর গুরুত্বারোপ করেন।

উৎসবে নবীন আলোকচিত্রীদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ, অভিজ্ঞ আলোকচিত্রীদের সাথে মতবিনিময় এবং সমসাময়িক আলোকচর্চা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা এ আয়োজনকে দেশের আলোকচিত্রচর্চার জন্য একটি ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

উৎসবের আহ্বায়ক ও চিত্রচিন্তার প্রচার সম্পাদক আলোকচিত্রী মনসুরুল আজম বলেন, ‘চিত্রচিন্তার প্রথম আলোকচিত্র উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের উৎসাহ ও সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। এ উৎসবে ধারণ করা আলোকচিত্র নিয়ে আগামীতে একটি বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হবে।’

চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল মনে করে, এ ধরনের আয়োজন দেশের আলোকচিত্রচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নবীন ও প্রবীণ আলোকচিত্রীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতার আদান-প্রদানের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ভবিষ্যতেও আলোকচর্চার বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।