মিরসরাইয়ে লুণ্ঠিত গার্মেন্টস পণ্য উদ্ধার, গ্রেফতার ৪

২৩ এপ্রিল ভোর আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রফতানিযোগ্য টি-শার্ট নিয়ে কাভার্ডভ্যানটি চট্টগ্রামের কেডিএস ডিপোর দিকে যাচ্ছিল।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় গ্রেফতার চার ডাকাত সদস্য, সেইসাথে জব্দকৃত পণ্য
গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় গ্রেফতার চার ডাকাত সদস্য, সেইসাথে জব্দকৃত পণ্য |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চলন্ত কাভার্ডভ্যান থেকে সাত লাখ টাকা মূল্যের ওই রফতানিযোগ্য গার্মেন্টস পণ্য লুট করা হয়েছিল। এছাড়া অভিযানে লুণ্ঠিত অধিকাংশ পণ্য ও ডাকাতিতে ব্যবহৃত দু’টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) রাতে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: নাদিম হায়দার চৌধুরীর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম চট্টগ্রাম মহানগরের বাকলিয়া ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার চারজন হলেন— চট্টগ্রাম সদরঘাট থানার আফিল মিয়ার ছেলে মো: নাজিম মিয়া (২৫), চাঁনমিয়ার ছেলে মো: হারুন প্রকাশ ভাইসাব (২৯), বাকলিয়া থানার নিলু মিয়ার ছেলে মো: সোহাগ (২২) ও কুমিল্লার ভাদুরা থানার মরহুম আবুল কাসেমের ছেলে মো: নজরুল ইসলাম (৪৬)।

জানা গেছে, ২৩ এপ্রিল ভোর আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রফতানিযোগ্য টি-শার্ট নিয়ে কাভার্ডভ্যানটি চট্টগ্রামের কেডিএস ডিপোর দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার ওয়াহেদপুর ইউনিয়নের রংধনু ফিলিং স্টেশনের সামনে চলন্ত কাভার্ডভ্যান থেকে ডাকাতদল ৩৪টি কার্টুনে থাকা ৬০৯ পিস টি-শার্ট লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মেসার্স সিয়াম ট্রান্সপোর্ট অ্যাজেন্সির ম্যানেজার মো: আলতাফ হোসেন খান মিরসরাই থানায় মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্তে কাভার্ডভ্যান চালক ফরহাদ আলীকে আটক করে মিরসরাই থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, কাভার্ডভ্যান মালিক জহিরুল ইসলামের সরাসরি যোগসাজশে এই মালামাল আত্মসাৎ ও লুটের নাটক সাজানো হয়েছিল।

শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো: নাদিম হায়দার চৌধুরী সাংবাদিকদের জানান, মেসার্স সিয়াম ট্রান্সপোর্ট অ্যাজেন্সির রফতানিযোগ্য গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামের বাকলিয়া থানায় বিশেষ অভিযান চালায়। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত হওয়া ৩৩টি কার্টুনের থাকা ৫৯৮ পিস টি-শার্ট মো: সুমনের গোডাউন থেকে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ছয় লাখ ৮৭ হাজার ৭০০ টাকা। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দু’টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

তিনি আরো জানান, চালক ও মালিকের যোগসাজশেই এ ঘটনা ঘটেছিল। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।