ঢাকা সাভারে হাসপাতালের বিল পরিশোধ করতে না পারা এক অসহায় প্রসূতি ও তার নবজাতকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা। দলটির মানবিক সহায়তায় বিল পরিশোধের পর নিরাপদে বাড়ি ফিরেছেন ওই নারী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম এ তথ্য জানান। এর আগে গত ১৫ জুলাই রাতে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল সাভারের ইসলামিয়া ডিজিটাল হাসপাতালে গিয়ে ওই প্রসূতির খোঁজখবর নেয় এবং চিকিৎসার যাবতীয় ব্যয় পরিশোধে সহযোগিতা করে।
জানা যায়, গত ৮ জুলাই সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন ইসলামিয়া ডিজিটাল হাসপাতালে এক অসহায় নারী একটি ছেলে সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের সাত দিন অতিবাহিত হলেও হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় তিনি ভয়াবহ সঙ্কটে পড়েন। আর্থিক অসচ্ছলতার কারণে আত্মীয়-স্বজনও তার পাশে দাঁড়াতে পারেননি। এমন পরিস্থিতিতে বিল পরিশোধের উপায় না পেয়ে তিনি নবজাতককে বিক্রি করার মতো হৃদয়বিদারক সিদ্ধান্তের কথা ভাবছিলেন।
বিষয়টি জানতে পেরে গত ১৫ জুলাই রাত প্রায় ৯টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লাহ এবং জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীমসহ স্থানীয় নেতারা হাসপাতাল পরিদর্শন করেন।
তারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন হাওলাদারের সহযোগিতায় প্রসূতির হাসপাতালের বিল পরিশোধ করে তাকে নবজাতকসহ নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন।
এ সময় আবেগাপ্লুত ওই নারী আনন্দাশ্রুসিক্ত হয়ে পড়েন এবং জানান, এমন কঠিন সময়ে এই সহযোগিতা তিনি সারাজীবন স্মরণ রাখবেন। তিনি সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জামায়াত নেতারা বলেন, মানবসেবা ইসলামের অন্যতম শিক্ষা। সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও মানবিক দায়িত্ব।
ভবিষ্যতেও তারা মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



